দেবীগঞ্জে তেল পাম্পে ইউএনও’র ওপর হামলা, আহত বডিগার্ড

আহত বডিগার্ড দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ছবি: MyBha24


পঞ্চগড় প্রতিনিধি: MyBha24 RayNex News

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় জ্বালানি তেল বিতরণে শৃঙ্খলা ফেরাতে গিয়ে হামলার শিকার হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক। এ ঘটনায় তার সঙ্গে থাকা বডিগার্ড আহত হয়েছেন।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে দেবীগঞ্জের ভাউলাগঞ্জ ইউনিয়নের মেসার্স জান্নাতুল মাওয়া ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে।

জানা যায়, তেল সংগ্রহের জন্য মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইন তৈরি হয়। তবে লাইনে থাকা অনেক চালকের কাছে প্রয়োজনীয় ফুয়েল কার্ড, গাড়ির রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় বিশৃঙ্খলা দেখা দেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ ইউএনওকে জানালে তিনি ঘটনাস্থলে পৌঁছে কাগজপত্রবিহীন চালকদের লাইন ত্যাগের নির্দেশ দেন এবং দুজনকে জরিমানা করেন।

এরপর হঠাৎ শতাধিক লোক মিছিল নিয়ে এসে ইউএনও ও তার সঙ্গে থাকা ব্যক্তিদের ওপর হামলা চালায়। হামলাকারীরা ইউএনও’র বডিগার্ড তৈবুলকে মারধর করে এবং তার সরকারি অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে তিনি আহত হন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ইউএনও স্থানীয়দের সহায়তায় আত্মরক্ষার্থে পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে নিরাপদে নিয়ে যায়।

ইউএনও সবুজ কুমার বসাক জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং নিয়ম না মানায় ব্যবস্থা নেওয়ার পরই হামলার ঘটনা ঘটে।

দেবীগঞ্জ থানার ওসি সেলিম মালেক জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ পাবে জুলাই অভ্যুত্থানে শহীদদের সন্তান ও আহত শিক্ষার্থীরা।

বাংলাদেশে সংকট, সিদ্ধান্ত ও বিতর্ক—জনমনে বাড়ছে প্রশ্ন।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: সৌদি আরব ও আমিরাতের অর্থনীতি চাপে, ইরান ইস্যুতে নতুন শঙ্কা।