তীব্র দাবদাহে বিদ্যুৎহীন স্কুলে অসুস্থ শিক্ষকসহ ৫ শিক্ষার্থী

পাথালিয়া কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
ছবি: MyBha24

MyBha24 RayNex News ডেস্ক | শরীয়তপুর | প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬

শরীয়তপুরের জাজিরা উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ না থাকায় তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েছেন এক শিক্ষকসহ অন্তত পাঁচ শিক্ষার্থী। এ ঘটনায় বিদ্যালয়জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং অনেক শিক্ষার্থী স্কুলে আসতে অনীহা প্রকাশ করছে।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে জাজিরা ইউনিয়নের পাথালিয়া কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে নদীভাঙনের ঝুঁকিতে রয়েছে। ভাঙনের কারণে পূর্বের ভবন নদীগর্ভে বিলীন হলে ভাড়া জায়গায় অস্থায়ী টিনশেড ঘরে পাঠদান চলছিল। সেখানে বিদ্যুৎ সংযোগ থাকলেও ২০২৪ সালে নদীতীর রক্ষা বাঁধ নির্মাণের কাজ শুরু হলে বিদ্যালয়টি নিজস্ব স্থানে আধাপাকা ভবনে স্থানান্তর করা হয়। তবে নতুন ভবনে এখনো বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি।

টানা কয়েকদিনের তীব্র দাবদাহ, টিনশেড ছাদের অতিরিক্ত তাপ এবং আশপাশে গাছপালার ছায়া না থাকায় শনিবার ক্লাস চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরিফা আক্তার। পরে একে একে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির অন্তত পাঁচ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। অসুস্থদের মধ্যে রয়েছে ইলমা, মাসুদ, রোমান, মারিয়া ও আরিফা।

হঠাৎ এমন ঘটনায় শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে সহপাঠী ও শিক্ষকরা প্রাথমিক চিকিৎসা হিসেবে মাথায় পানি ঢেলে দিলে তারা কিছুটা সুস্থ হয়ে ওঠে।

শিক্ষার্থীরা জানায়, প্রচণ্ড গরমে টিনের ঘরে বসে ক্লাস করা অত্যন্ত কষ্টকর। বিদ্যুৎ ও ফ্যানের ব্যবস্থা না থাকায় পড়াশোনায় মারাত্মক বিঘ্ন ঘটছে।
অভিভাবকরা দ্রুত বিদ্যুৎ সংযোগ দেওয়ার দাবি জানিয়ে বলেন, এভাবে চলতে থাকলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জামিলা খাতুন জানান, নতুন স্থানে আসার পর পুরোনো মিটার খুলে নেওয়া হয় এবং নতুন সংযোগের জন্য আবেদন করা হলেও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

জাজিরা পল্লী বিদ্যুৎ জোনাল অফিস সূত্রে জানা গেছে, বিষয়টি আগে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। প্রয়োজনীয় কাগজপত্র পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ জানিয়েছে, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং দ্রুত সমাধানের চেষ্টা চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষ আবেদন করলে বিদ্যুৎ বিভাগের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ পাবে জুলাই অভ্যুত্থানে শহীদদের সন্তান ও আহত শিক্ষার্থীরা।

বাংলাদেশে সংকট, সিদ্ধান্ত ও বিতর্ক—জনমনে বাড়ছে প্রশ্ন।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: সৌদি আরব ও আমিরাতের অর্থনীতি চাপে, ইরান ইস্যুতে নতুন শঙ্কা।