ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

 

ডেঙ্গু প্রতিকী ছবি

জাতীয় ডেস্ক | MyBha24 RayNex News

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে একটি বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের তত্ত্বাবধানে এই টাস্কফোর্স মাঠপর্যায়ে কার্যক্রম তদারকি, বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং জরুরি পদক্ষেপ বাস্তবায়নের দায়িত্ব পালন করবে।

মঙ্গলবার (২৩ জুন) সচিবালয়ে অনুষ্ঠিত ‘ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক জাতীয় কমিটি’র প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সভায় মন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ নয়, জনগণের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ:

১. ব্যাপক হারে লিফলেট ও সচেতনতামূলক প্রচারণা চালানো।

২. স্কুল, কলেজ ও মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক বিশেষ কার্যক্রম পরিচালনা।

৩. পরিচ্ছন্নতা অভিযান জোরদার করা।

৪. ফগার মেশিন ও মশক নিধন কার্যক্রম নিয়মিত তদারকি করা।

৫. এডিস মশার প্রজননস্থল শনাক্ত ও ধ্বংসে বিশেষ অভিযান পরিচালনা।

৬. নির্মাণাধীন ভবন, ছাদবাগান, টায়ারের দোকান, গ্যারেজ ও জলাবদ্ধ এলাকায় নজরদারি বাড়ানো।

৭. গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা।

৮. ডেঙ্গু আক্রান্ত রোগীদের তথ্য বিশ্লেষণ করে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করা।

সভায় বক্তারা বলেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা থাকায় এখন থেকেই সমন্বিত ও জোরালো প্রস্তুতি নেওয়া জরুরি।

মন্তব্যসমূহ