ফজলুর রহমানের বক্তব্যে সংসদে উত্তাপ, এক্সপাঞ্জের দাবি বিরোধী দলীয় নেতার
![]() |
| এমপি ফজলুর রহমানের বক্তব্যে উত্তপ্ত হয়ে ওঠে জাতীয় সংসদ। ছবি সংগৃহীত |
MyBha24 RayNex News রিপোর্ট
জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান-এর বক্তব্যকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তার বক্তব্যের কিছু অংশ এক্সপাঞ্জ (রেকর্ড থেকে বাদ) করার দাবি জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে ফজলুর রহমান জামায়াতের রাজনীতি নিয়ে প্রশ্ন তোলেন।
তিনি বলেন, “মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াত করতে পারে না। আর শহীদ পরিবারের কেউ জামায়াত করলে তা ডাবল অপরাধ।”
তার এই বক্তব্যের পর সংসদে উত্তেজনা তৈরি হয়। ফজলুর রহমান আরও বলেন, দেশে মুক্তিযুদ্ধের চেতনা কখনো পরাজিত হবে না এবং “যতদিন রয়েল বেঙ্গল টাইগার থাকবে, ততদিন মুক্তিযোদ্ধারা জয়ী হবে।”
বক্তব্যের জবাবে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, একজন সংসদ সদস্য নিজের বক্তব্য দিতে গিয়ে অন্যের ব্যক্তিগত পরিচয় বা রাজনৈতিক মতাদর্শ নিয়ে প্রশ্ন তোলার অধিকার রাখেন না।
তিনি বলেন, “আমি কোন দল করব, কোন আদর্শে রাজনীতি করব—এটি আমার নাগরিক অধিকার।” একই সঙ্গে তিনি স্পিকারের কাছে ফজলুর রহমানের বক্তব্যের অসংসদীয় অংশ সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি জানান।
এছাড়া বক্তব্যের শুরুতে ফজলুর রহমান হাওর অঞ্চলের দুর্ভোগের কথা তুলে ধরে ৩৫টি জেলা নিয়ে একটি পৃথক হাওর মন্ত্রণালয় গঠনের প্রস্তাব দেন।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন