বজ্রপাত থেকে সুরক্ষায় সাইরেন বসানোর পরিকল্পনা সরকারের
![]() |
| সংষদে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। ছবি: ভিডিও থেকে নেয়া |
MyBha24 RayNex News ডেস্ক | জাতীয় |
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬
দেশে বজ্রপাতজনিত প্রাণহানি কমাতে ঝুঁকিপূর্ণ এলাকায় সাইরেন স্থাপনের পরিকল্পনা করছে সরকার। মেঘ জমার আগাম সতর্কতা দিয়ে কৃষকদের নিরাপদ আশ্রয়ে নিতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদে আলোচনায় তিনি জানান, বাংলাদেশে প্রায় সারা বছরই বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ ঘটে, যার মধ্যে বজ্রপাত সাম্প্রতিক বছরগুলোতে ভয়াবহ আকার ধারণ করেছে।
মন্ত্রী বলেন, বিশেষ করে হাওর অঞ্চল এবং উত্তর-পূর্বাঞ্চলে বজ্রপাতের তীব্রতা বেশি। এসব এলাকায় কৃষক ও মৎস্যজীবীরা খোলা জায়গায় কাজ করার সময় বেশি ঝুঁকিতে থাকেন। এজন্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সাইরেন বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে ঝড়ো আবহাওয়ার আগে মানুষ নিরাপদ স্থানে সরে যেতে পারে।
তিনি আরও জানান, বজ্রপাতকে ইতোমধ্যে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করা হয়েছে। এর পাশাপাশি তালগাছ রোপণ এবং বজ্রনিরোধক টাওয়ার স্থাপনের বিষয়েও গবেষণা চলছে।
এছাড়া বিধিমালা সংশোধনের মাধ্যমে বজ্রপাতে গবাদি পশুর ক্ষয়ক্ষতির ক্ষেত্রেও কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।
সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল তার বক্তব্যে বলেন, সুনামগঞ্জের হাওরাঞ্চলে বজ্রপাতের ঘনত্ব অত্যন্ত বেশি। কৃষি ও মৎস্য আহরণের সময় অনেক মানুষ প্রাণ হারাচ্ছেন। আন্তর্জাতিক গবেষণা সংস্থার তথ্য অনুযায়ী, এ অঞ্চলে প্রতি বর্গ কিলোমিটারে উল্লেখযোগ্য সংখ্যক বজ্রপাত ঘটে।
তিনি আরও বলেন, বজ্রপাতকে জাতীয় দুর্যোগ ঘোষণা করা হলেও কার্যকর দৃশ্যমান কর্মসূচির প্রয়োজন রয়েছে।
সরকার জানিয়েছে, বজ্রপাতজনিত ঝুঁকি কমাতে প্রযুক্তিনির্ভর ও সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করা হবে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন