হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে ইরানের পূর্ণ অধিকার রয়েছে: রাশিয়ার রাষ্ট্রদূত
![]() |
| বিশ্বজুড়ে তেল ও গ্যাস সরবরাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ হচ্ছে হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত |
MyBha24 RayNex News রিপোর্ট
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করার পূর্ণ অধিকার ইরানের রয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া। একই সঙ্গে পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে ‘ভণ্ডামি’ ও ‘জলদস্যুতার’ অভিযোগ তুলেছেন তিনি।
জাতিসংঘে দেওয়া বক্তব্যে তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতিতে কোনো উপকূলীয় দেশ আক্রান্ত হলে নিরাপত্তার স্বার্থে নিজ জলসীমায় জাহাজ চলাচল সীমিত বা নিয়ন্ত্রণ করার অধিকার তার রয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, কৃষ্ণসাগরে রাশিয়ার বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে সমর্থন দিয়ে ইউরোপীয় দেশগুলো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে।
বিশ্বজুড়ে তেল ও গ্যাস সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি সাম্প্রতিক সংঘাতে কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরু হলে প্রণালিটি কার্যত বন্ধ করে দেয় তেহরান। পরবর্তীতে ১৩ এপ্রিল থেকে এখানে নৌ অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্রও।
উভয় পক্ষের পাল্টাপাল্টি পদক্ষেপে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল থেকে দুই সপ্তাহের যুদ্ধবিরতি শুরু হলেও পরবর্তীতে তা অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়।
যুদ্ধবিরতির পর ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হলেও কোনো সমঝোতা হয়নি। বর্তমানে সংকট নিরসনে দ্বিতীয় দফার আলোচনার চেষ্টা চলছে। তবে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না বলে জানিয়েছে ইরান।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন