পাঁচ দিনেও মর্গ থেকে মরদেহ নেননি পরিবার, বেওয়ারিশ হিসেবে দাফন

 

ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার লাশ গ্রহণে অস্বীকৃতি জানানোয় বেসরকারি সংগঠন বাতিঘরের উদ্যোগে খোকন মিয়ার জানাজা ও দাফন সম্পন্ন হয়।
ছবি: MyBha24

MyBha24 RayNex News রিপোর্ট

ব্রাহ্মণবাড়িয়ায় পরিবারের সদস্যদের অনাগ্রহের কারণে পাঁচ দিন মর্গে পড়ে থাকার পর এক ব্যক্তির মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে।

জানা গেছে, খোকন মিয়ার পৈতৃক বাড়ি লক্ষ্মীপুর জেলায় হলেও তার শ্বশুরবাড়ি দেবিদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নে। স্ত্রী ও দুই সন্তান থাকা সত্ত্বেও জীবনের শেষ সময় কাটে চরম অবহেলা ও নিঃসঙ্গতায়।

হাসপাতাল সূত্রে জানা যায়, গুরুতর সংক্রমণ (সেলুলাইটিস) নিয়ে গত ২৪ মার্চ তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল-এ ভর্তি করা হয়। প্রায় ৩৮ দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে তিনি মারা যান।

মৃত্যুর আগে অস্পষ্টভাবে নিজের নাম-পরিচয় জানাতে পারায় জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে পরিবারের সন্ধান পাওয়া যায়। তবে যোগাযোগ করা হলে তার স্ত্রী ও সন্তানরা চিকিৎসা ব্যয় বহন করতে অস্বীকৃতি জানান এবং পরবর্তীতে মরদেহ গ্রহণেও অনাগ্রহ প্রকাশ করেন।

এর ফলে খোকন মিয়ার মরদেহ টানা পাঁচ দিন হাসপাতালের মর্গে পড়ে থাকে। শেষ পর্যন্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মঙ্গলবার (৫ মে) বাতিঘর নামের একটি বেসরকারি সংগঠনের উদ্যোগে ইসলামি শরিয়াহ অনুযায়ী বেওয়ারিশ হিসেবে তার দাফন সম্পন্ন করা হয়।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, পরিবারের সদস্যদের বোঝানোর চেষ্টা করা হলেও তারা শেষ পর্যন্ত এগিয়ে আসেননি। অ্যাম্বুলেন্স ও দাফনের সব খরচ বহনের আশ্বাস দেওয়ার পরও কেউ মরদেহ নিতে আসেনি।

পুলিশ জানায়, পরিবারের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা মরদেহ গ্রহণে অনাগ্রহী থাকায় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে দাফনের ব্যবস্থা করা হয়।

সংশ্লিষ্টরা এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেছেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ পাবে জুলাই অভ্যুত্থানে শহীদদের সন্তান ও আহত শিক্ষার্থীরা।

বাংলাদেশে সংকট, সিদ্ধান্ত ও বিতর্ক—জনমনে বাড়ছে প্রশ্ন।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: সৌদি আরব ও আমিরাতের অর্থনীতি চাপে, ইরান ইস্যুতে নতুন শঙ্কা।