যুদ্ধবিরতি ভেঙে পাল্টাপাল্টি হামলার অভিযোগ রাশিয়া-ইউক্রেনের
![]() |
| ছবি: রয়টার্স |
নিজস্ব প্রতিবেদক | MyBha24 RayNex News
প্রকাশিত: ৯ মে ২০২৬
যুদ্ধবিরতির ঘোষণা দিলেও থামেনি রাশিয়া-ইউক্রেন সংঘাত। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালানোর অভিযোগ তুলেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ইউক্রেনীয় বাহিনী এক হাজারের বেশি হামলা চালিয়েছে। এসব হামলার মধ্যে ছিল আর্টিলারি হামলা ও শত শত ড্রোন হামলা।
অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার প্রথম কয়েক ঘণ্টার মধ্যেই রাশিয়া শতাধিক হামলা চালিয়েছে। তার দাবি, ইউক্রেনীয় অবস্থান লক্ষ্য করে ৮৫০টির বেশি ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী।
ইউক্রেনের অভিযোগ, ৬ মে থেকে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেই হামলা অব্যাহত রেখেছে রাশিয়া।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে নতুন করে তিন দিনের যুদ্ধবিরতি কার্যকর হবে। ৯ মে থেকে ১১ মে পর্যন্ত এই যুদ্ধবিরতি চলবে এবং এ সময় সব ধরনের সামরিক তৎপরতা বন্ধ থাকবে বলেও জানান তিনি।
যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মার্কিন মধ্যস্থতায় হওয়া এই সমঝোতার অংশ হিসেবে দুই দেশ এক হাজার করে যুদ্ধবন্দি বিনিময় করবে বলেও জানিয়েছেন তিনি।
ক্রেমলিনও ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েছে। মস্কো জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ইউক্রেনের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর থাকবে এবং যুদ্ধবন্দি বিনিময় সম্পন্ন হবে।
এদিকে ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, ভবিষ্যৎ নিরাপত্তা কাঠামো নিয়ে কোনো এক সময় রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতেই হবে। যদিও ক্রেমলিন জানিয়েছে, সংলাপের জন্য প্রস্তুত থাকলেও তারা নিজেরা কোনো উদ্যোগ নেবে না।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন