বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ১২
![]() |
| নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জেরা মেঘনাঘাট পাওয়ার লিমিটেড বিদ্যুৎকেন্দ্র। ছবি: সংগৃহীত |
প্রকাশিত: ১৩ মে ২০২৬
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস বিস্ফোরণের ঘটনায় অন্তত ১২ জন দগ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৩ মে) দুপুর ১টার দিকে উপজেলার শিল্পনগরী মেঘনাঘাট এলাকায় ‘জেরা মেঘনাঘাট পাওয়ার লিমিটেড’ বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন— নাজমুল শেখ, সাইফুল ইসলাম, রামিজুল, আমির, শঙ্কর, কাউসার, তুহিন শেখ, মনির হোসেন, আল আমিন, ওসমান গনি, সুপ্রভাত ঘোষ ও বদরুল হায়দার।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দুপুরে কর্মকর্তা ও কর্মচারীরা ক্যান্টিনে খাবার খাওয়ার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং সেখানে থাকা অন্তত ১২ জন দগ্ধ হন। তাদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। পরে সহকর্মীরা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
বিস্ফোরণের ফলে ক্যান্টিনের কাচের দরজা-জানালা ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে যায়। পাশাপাশি ভেতরের আসবাবপত্রও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এলপিজি সিলিন্ডারের গ্যাস পাইপে লিকেজ থেকে ক্যান্টিনে গ্যাস জমে বিস্ফোরণের ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, ক্যান্টিনের বাইরে রাখা এলপিজি সিলিন্ডার থেকে পাইপের মাধ্যমে ভেতরে চুলায় গ্যাস সরবরাহ করা হচ্ছিল। লিকেজের কারণে গ্যাস ছড়িয়ে পড়ে পুরো ক্যান্টিন গ্যাস চেম্বারে পরিণত হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। পরে আগুনের সংস্পর্শে এসে বিস্ফোরণ ঘটে।
বর্তমানে দগ্ধদের ঢাকার বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন