আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির সাবেক উপাচার্য গ্রেফতার
![]() |
| সংগৃহীত ছবি |
নিজস্ব প্রতিবেদক | MyBha24 RayNex News
প্রকাশিত: ১৬ মে ২০২৬
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৬ মে) রাতে রাজধানীর মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন তিনি।
গত ৯ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ মামলার রায়ে দুইজনকে মৃত্যুদণ্ড, কয়েকজনকে যাবজ্জীবন এবং একাধিক আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। সেই তালিকায় সাবেক উপাচার্য হাসিবুর রশীদের নামও ছিল।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত হন বেরোবির শিক্ষার্থী ও আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ। তার মৃত্যুর ভিডিও দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন