বগুড়ার শিবগঞ্জে গণপিটুনিতে নিহত ১
![]() |
| ছবি: প্রতীকি |
নিজস্ব প্রতিবেদক | MyBha24 RayNex News
প্রকাশিত: ০৮ মে ২০২৬
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় চুরি করে পালানোর সময় গ্রামবাসীর গণপিটুনিতে সেলিম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (৮ মে) ভোরে উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের ছাতুয়া মাতালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সেলিম কাহালু উপজেলার কালাই ইউনিয়নের পীলকুঞ্জ এলাকার সিদ্দিকের ছেলে বলে জানা গেছে। এ ঘটনায় জড়িত অন্য দুই ব্যক্তি নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে ছাতুয়া মাতালপাড়া গ্রামের বাসিন্দা গোপাল চন্দ্রের বাড়িতে তিনজন ব্যক্তি প্রবেশ করেন। বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে একজনকে আটক করেন স্থানীয়রা। পরে উত্তেজিত জনতার মারধরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ভুক্তভোগী পরিবারের সদস্য পূর্ণিমা সাহা জানান, সিঁধ কেটে ঘরে প্রবেশ করে দুর্বৃত্তরা তাকে ও তার শিশুসন্তানকে চাকুর মুখে জিম্মি করে। পরে ঘরে থাকা নগদ সাড়ে তিন লাখ টাকা, স্বর্ণালংকার এবং পরনের গয়না নিয়ে পালিয়ে যায় তারা।
শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত পলাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন