চলন্ত অবস্থায় দুই বাস চালকের খোশগল্পে প্রাণ গেল ৩ জনের, আহত ১০

 

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় মারছা পরিবহনের দুটি বাসের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ছবি: MyBha24

নিজস্ব প্রতিবেদক | MyBha24 RayNex News

প্রকাশিত: ৯ মে ২০২৬

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের লোহাগাড়ায় একই পরিবহনের দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন যাত্রী।

শনিবার (৯ মে) সকাল ১১টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ফোর সিজন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় জড়িত বাস দুটি মারছা পরিবহনের বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে লোহাগাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ফিরোজ খান জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী এবং চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী দুটি বাস চলন্ত অবস্থায় পাশাপাশি আসার সময় দুই চালক নিজেদের মধ্যে কথা বলার চেষ্টা করেন। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাস দুটির সংঘর্ষ হয় এবং সড়কের দুপাশের গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই এক নারী যাত্রী নিহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের ভেতর ও নিচে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।

আহতদের উদ্ধার করে পদুয়া ট্রমা সেন্টারে চিকিৎসা দেয়া হচ্ছে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হলেও পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

দোহাজারী হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. সাত্তার জানান, নিহত তিনজনের মরদেহ লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ পাবে জুলাই অভ্যুত্থানে শহীদদের সন্তান ও আহত শিক্ষার্থীরা।

বাংলাদেশে সংকট, সিদ্ধান্ত ও বিতর্ক—জনমনে বাড়ছে প্রশ্ন।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: সৌদি আরব ও আমিরাতের অর্থনীতি চাপে, ইরান ইস্যুতে নতুন শঙ্কা।