ফেনীতে আদালত কক্ষেই বিচারপ্রার্থীর বিষপান
![]() |
| ফেনী জেলা ও দায়রা জজ আদালত। ছবি: সংগৃহীত |
নিজস্ব প্রতিবেদক | MyBha24 RayNex News
প্রকাশিত: ১০ মে ২০২৬
ফেনী জেলা ও দায়রা জজ আদালতের এজলাসে বিচারকের সামনেই এক নারী বিচারপ্রার্থী বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। রোববার (১০ মে) দুপুরে ফুলগাজী আমলি আদালতের শুনানি চলাকালে এই ঘটনা ঘটে। পরে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নারীর বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলায়। ২০২৫ সালে প্রেম করে একই উপজেলার চার সন্তানের জনক আকবর হোসেনকে বিয়ে করেন তিনি। দাম্পত্য কলহের জেরে চলতি বছরের ২৯ জানুয়ারি স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। রোববার ছিল সেই মামলার ধার্য তারিখ।
প্রত্যক্ষদর্শী ও আইনজীবীরা জানান, শুনানির সময় বাদী ও বিবাদী উভয়ই আদালতে উপস্থিত ছিলেন। শুনানি শেষে আদালত বিবাদী আকবর হোসেনের জামিন মঞ্জুর করলে ওই নারী হতাশাগ্রস্ত হয়ে নিজের সঙ্গে থাকা বিষ পান করেন। পরে আদালতে থাকা লোকজন ও স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ভুক্তভোগীর বোন অভিযোগ করেন, কাবিন সংক্রান্ত মামলায় জামিন পাওয়ার পর মানসিক কষ্ট ও অভিমান থেকেই তার বোন এমন সিদ্ধান্ত নেন।
ফেনী জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, বিষক্রিয়ায় আক্রান্ত অবস্থায় ওই নারীকে হাসপাতালে আনা হয়েছিল। দ্রুত পাকস্থলী পরিষ্কার করা হয়েছে এবং বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন