হাম ও উপসর্গে মৃত্যু সাড়ে ৩শ’ ছাড়াল, একদিনে আরও ৯ প্রাণহানি
![]() |
| গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। ছবি: সংগৃহীত |
নিজস্ব প্রতিবেদক | MyBha24 RayNex News
প্রকাশিত: ৯ মে ২০২৬
দেশজুড়ে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫২ জনে।
শনিবার (৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত একদিনে নতুন করে ১ হাজার ৪৩৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া খুলনা বিভাগে ২ জন, সিলেটে ১ জন এবং বরিশাল বিভাগে হামে আক্রান্ত হয়ে আরও ৩ জন মারা গেছেন।
এদিকে একই সময়ে সারা দেশে নতুন করে ৪৮৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি আরও ৯৪৬ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে।
গত ১৫ মার্চ থেকে ৯ মে পর্যন্ত দেশে মোট ৪৭ হাজার ৬৫৬ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে মোট ৬ হাজার ৯৭৯ জনের হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
প্রতিবেদন অনুযায়ী, এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৩৩ হাজার ৬৩১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৯ হাজার ৭৪৬ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের বিস্তার রোধে দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধি প্রয়োজন।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন