নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি
![]() |
| স্বেচ্ছাসেবক দলের দুই গ্রুপের সংঘর্ষ। ছবি: MyBha24 |
নিজস্ব প্রতিবেদক | MyBha24 RayNex News
প্রকাশিত: ১১ মে ২০২৬
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগও উঠেছে। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
সোমবার (১১ মে) দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বরুনা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১০ দিন আগে ব্যাটারিচালিত অটোরিকশাকে সাইড দেওয়া নিয়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলামের ভাই আমিন হোসেনের সঙ্গে জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন খানের বাগবিতণ্ডা হয়। পরে এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়।
সোমবার ওই বিরোধ মীমাংসার জন্য স্থানীয়ভাবে সালিশের আয়োজন করা হলে উভয় পক্ষের লোকজন সেখানে উপস্থিত হন। একপর্যায়ে কথা কাটাকাটির জেরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও গুলির ঘটনাও ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন