ঘরে মা-সন্তানসহ ৫ মরদেহ, হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন ওসি

 

নিহতদের বাড়িতে স্থানীয়দের ভিড়। ছবি: MyBha24

নিজস্ব প্রতিবেদক | MyBha24 RayNex News

প্রকাশিত: ৯ মে ২০২৬

গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচ সদস্যকে গলা কেটে হত্যার ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় প্রাথমিকভাবে নিহত গৃহবধূর স্বামী ফোরকান মিয়াকে সন্দেহ করছে পুলিশ। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।

শনিবার (৯ মে) কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, হত্যাকাণ্ডের পর অভিযুক্ত ফোরকান মিয়া নিজেই আত্মীয়স্বজনকে ফোন করে খুনের বিষয়টি জানান। এরপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন। সবকিছু বিবেচনায় নিয়ে প্রাথমিকভাবে তাকেই সন্দেহ করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ফোরকানের গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর এলাকায়। তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে গাজীপুরের কাপাসিয়ার রাউৎকোনা গ্রামের একটি বাড়ির নিচতলায় ভাড়া থাকতেন।

শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়। শনিবার সকালে ঘরের ভেতর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিন সন্তানের গলাকাটা মরদেহ ঘরের মেঝেতে পাশাপাশি পড়ে ছিল। নিহত গৃহবধূ শারমিনের ভাই রসুলের মরদেহ ছিল বিছানার ওপর। এছাড়া শারমিনের হাত-মুখ বাঁধা মরদেহ জানালার পাশে পড়ে থাকতে দেখা যায়।

গাজীপুর জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন জানান, একই পরিবারের পাঁচজনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। হত্যার কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।

এদিকে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আশফাক উজ্জামান জানিয়েছেন, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পাশাপাশি অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ পাবে জুলাই অভ্যুত্থানে শহীদদের সন্তান ও আহত শিক্ষার্থীরা।

বাংলাদেশে সংকট, সিদ্ধান্ত ও বিতর্ক—জনমনে বাড়ছে প্রশ্ন।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: সৌদি আরব ও আমিরাতের অর্থনীতি চাপে, ইরান ইস্যুতে নতুন শঙ্কা।