থানার ব্যারাকে বিষপানে পুলিশ সদস্যের আত্মহত্যার অভিযোগ
![]() |
| বরগুনার তালতলী থানা। ফাইল ছবি |
বরগুনার তালতলী থানায় কর্মরত ফারুক গাজী (৫৫) নামের এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি বিষপান করে আত্মহত্যা করেছেন। রোববার (১৪ জুন) সকালে থানার ব্যারাকে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে দায়িত্ব পালন শেষে ভোরের দিকে থানার ব্যারাকে ফিরে বিশ্রাম নেন কনস্টেবল ফারুক গাজী। পরে রোববার সকালে কোনো এক সময় তিনি গ্যাস ট্যাবলেট, যা এক ধরনের কীটনাশক হিসেবে পরিচিত, সেবন করেন বলে ধারণা করা হচ্ছে।
অসুস্থ অবস্থায় তাকে দেখতে পেয়ে সহকর্মীরা দ্রুত তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে মনে হচ্ছে। তবে কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
পুলিশ জানায়, মৃত্যুর আগে ফারুক গাজী একটি চিরকুট লিখে গেছেন। তবে তদন্তের স্বার্থে চিরকুটের বিষয়বস্তু এবং মৃত্যুর সম্ভাব্য কারণ সম্পর্কে এখনই বিস্তারিত কিছু জানানো হয়নি।
ঘটনার পর প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে পুলিশ। পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন