প্রাথমিকে চালু হচ্ছে পরীক্ষা ফি, কোন শ্রেণিতে কত?

 

ছবি: সংগৃহীত

শিক্ষা ডেস্ক | MyBha24 RayNex News

প্রকাশিত: ১৪ জুন ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে পরীক্ষা ফি। বিদ্যালয়গুলোতে পরীক্ষা পরিচালনার ব্যয় নির্বাহ এবং শিক্ষকদের ওপর আর্থিক চাপ কমাতে এই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

শনিবার (১৩ জুন) রাজধানীর বেইলি রোডে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কার্যালয়ে আয়োজিত ‘হলদে পাখি সম্প্রসারণ’ শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াত হোসেন।

নতুন নির্দেশনা অনুযায়ী, তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের জন্য পরীক্ষা ফি নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা, চতুর্থ শ্রেণির জন্য ৪০ টাকা এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ৫০ টাকা।

প্রাথমিক ও গণশিক্ষা সচিব বলেন, বর্তমানে বিদ্যালয়গুলোর জন্য বরাদ্দকৃত স্লিপের অর্থ দিয়ে অনেক ক্ষেত্রে পরীক্ষা আয়োজনের সব খরচ বহন করা সম্ভব হয় না। ফলে অনেক শিক্ষককে ব্যক্তিগতভাবে অর্থ ব্যয় করতে হয়। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সীমিত পরিসরে পরীক্ষা ফি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষকদের ব্যক্তিগত আর্থিক চাপ কমিয়ে পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করাই সরকারের মূল উদ্দেশ্য। দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও বিভিন্ন ধরনের পরীক্ষা ফি প্রচলিত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তবে সচিব আশাবাদ ব্যক্ত করে জানান, আগামী অর্থবছর থেকে বিদ্যালয়গুলোর জন্য সরকারি স্লিপ বরাদ্দ বৃদ্ধি করা হবে। ফলে ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আরও বেশি আর্থিক সহায়তা পাবে এবং শিক্ষা কার্যক্রম পরিচালনায় সুবিধা হবে।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (পরিকল্পনা) ছাইফুল ইসলাম, বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার কাজী জেবুন্নেছা বেগম, হলদে পাখি কমিশনার বেলা রাণী সরকারসহ শিক্ষা খাতের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

নতুন এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর পরীক্ষা ব্যবস্থাপনায় নতুন একটি অধ্যায়ের সূচনা হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ পাবে জুলাই অভ্যুত্থানে শহীদদের সন্তান ও আহত শিক্ষার্থীরা।

বাংলাদেশে সংকট, সিদ্ধান্ত ও বিতর্ক—জনমনে বাড়ছে প্রশ্ন।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: সৌদি আরব ও আমিরাতের অর্থনীতি চাপে, ইরান ইস্যুতে নতুন শঙ্কা।