দেশে ফিরেছেন ৫৭ হাজারের বেশি হাজি
![]() |
| পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৭ হাজারের বেশি হাজি। ছবি: সংগৃহীত |
নিজস্ব প্রতিবেদক | MyBha24 RayNex News
পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৫৭ হাজার ৬৯৯ জন বাংলাদেশি হাজি। বুধবার (১৭ জুন) ধর্ম মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, মোট ১৪২টি ফিরতি ফ্লাইটে এসব হাজি দেশে ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৭০টি ফ্লাইটে ফিরেছেন ২৪ হাজার ৫৭২ জন, সৌদি এয়ারলাইনসের ৫১টি ফ্লাইটে ২০ হাজার ৩১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২১টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৮ হাজার ৩৮০ জন হাজি।
সরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত দেশে ফিরেছেন ৪ হাজার ৩১৯ জন হাজি। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় দেশে ফিরেছেন ৫৩ হাজার ৩৮০ জন।
এদিকে, চলতি বছর হজ পালন করতে গিয়ে মোট ৫২ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩৫ জন পুরুষ এবং ১৭ জন নারী। মৃতদের মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৪ জন এবং জেদ্দায় একজনের মৃত্যু হয়েছে।
ধর্ম মন্ত্রণালয় আরও জানিয়েছে, হজ মৌসুমে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাসেবা নিয়েছেন ৪১৫ জন বাংলাদেশি হাজি।
উল্লেখ্য, চলতি বছরের ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১৭ লাখের বেশি মুসল্লি সৌদি আরবে হজ পালন করেন। এর মধ্যে বাংলাদেশ থেকে অংশ নেন ৭৮ হাজারের বেশি হজযাত্রী।
পবিত্র হজ পালন শেষে গত ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে। হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট আগামী ৩০ জুন দেশে পৌঁছাবে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন