২ দিন ধরে সাগরে ভাসছিলেন ৪ জেলে, অবশেষে জীবিত উদ্ধার

 

গভীর সাগরে ২ দিন ধরে ফিশিং বোটে ভাসতে থাকা ৪ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। ফাইল ছবি

জাতীয় ডেস্ক | MyBha24 RayNex News

কক্সবাজারের কুতুবদিয়া সংলগ্ন গভীর সাগরে দুই দিন ধরে একটি বিকল ফিশিং বোটে আটকা পড়ে থাকা চার জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার (১৯ জুন) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, দুই দিন আগে কক্সবাজার থেকে ‘এফবি সৌরভ’ নামের একটি ফিশিং বোটে করে চার জেলে চট্টগ্রামের সন্দ্বীপের উদ্দেশে রওনা হন। যাত্রাপথে কুতুবদিয়ার পশ্চিমের গভীর সমুদ্রে বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। ফলে তারা সাগরে ভাসতে থাকেন।

শুক্রবার সকাল ৯টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে বিষয়টি জানতে পারে বাংলাদেশ কোস্ট গার্ড। পরে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সমুদ্রে টহলরত কোস্ট গার্ডের জাহাজ উদ্ধার অভিযান শুরু করে।

অবশেষে গভীর সমুদ্র থেকে বিকল বোটসহ চার জেলেকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান শেষে তাদের মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, দেশের সমুদ্র উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জেলেদের জানমাল রক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ এবং দুর্যোগকালীন সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ পাবে জুলাই অভ্যুত্থানে শহীদদের সন্তান ও আহত শিক্ষার্থীরা।

বাংলাদেশে সংকট, সিদ্ধান্ত ও বিতর্ক—জনমনে বাড়ছে প্রশ্ন।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: সৌদি আরব ও আমিরাতের অর্থনীতি চাপে, ইরান ইস্যুতে নতুন শঙ্কা।