নরসিংদীতে স্কুলছাত্র হত্যার অভিযোগ, প্রেমিকাসহ ৪ জন আটক
![]() |
| ওয়ালিদ হাসান। ছবি সংগৃহীত |
নরসিংদী প্রতিনিধি | MyBha24 RayNex News
নরসিংদীর রায়পুরায় ওয়ালিদ হাসান (১৮) নামে এক স্কুলছাত্রকে হত্যার পর মরদেহ গুমের চেষ্টার অভিযোগ উঠেছে তার প্রেমিকা ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় প্রেমিকাসহ চারজনকে আটক করেছে পুলিশ।
নিহত ওয়ালিদ হাসান রায়পুরা পৌর এলাকার কান্দাপাড়ার আব্দুল হাইয়ের ছেলে। তিনি স্থানীয় একটি স্কুল থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। মা-বাবার বিচ্ছেদের পর তিনি তার মা রাশেদা বেগমের সঙ্গে নানাবাড়িতে বসবাস করতেন।
পুলিশ জানিয়েছে, গত শনিবার (২০ জুন) রাত ১১টার দিকে উপজেলার বাহেরচর এলাকায় প্রেমিকার বাড়ির পেছন থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় ওয়ালিদের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ওয়ালিদের সঙ্গে প্রাণা আক্তারের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি নিয়ে প্রেমিকার পরিবার ক্ষুব্ধ ছিল। এরই মধ্যে প্রাণার বিয়ে এক প্রবাসীর সঙ্গে হলেও তিনি আগের মতো যোগাযোগ বজায় রেখেছিলেন বলে অভিযোগ রয়েছে।
গত বৃহস্পতিবার (১৮ জুন) রাত থেকে ওয়ালিদ নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে সন্দেহের ভিত্তিতে প্রেমিকার বাড়ির আশপাশে খোঁজ করতে গিয়ে মরদেহের সন্ধান পাওয়া যায়।
এ ঘটনায় প্রেমিকা প্রাণা আক্তার, তার মা ফরিদা বেগম, ছোট বোন মিন্নি আক্তারসহ চারজনকে আটক করা হয়েছে। অন্যদিকে, প্রাণার বাবা জাকির মিয়া পলাতক রয়েছেন।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন