থানায় আসা ভুক্তভোগী নারীকে আপত্তিকর মন্তব্য, সেই ওসি প্রত্যাহার
![]() |
| মো. এনামুল হক। ছবি সংগৃহীত |
জাতীয় ডেস্ক | MyBha24 RayNex News
দীর্ঘদিনের নানা অভিযোগ ও বিতর্কের পর বরগুনার পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হককে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনিক কারণ দেখিয়ে তাকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
শনিবার (২০ জুন) বরগুনা পুলিশ সুপারের কার্যালয় থেকে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ও ভারপ্রাপ্ত পুলিশ সুপার এফ এম ফয়সাল স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
ওসি এনামুল হকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মামলা গ্রহণে গড়িমসি, ভুক্তভোগীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, সরকারি মোবাইল নম্বরে সাড়া না দেওয়া এবং নারী ভুক্তভোগীদের প্রতি আপত্তিকর মন্তব্য করার অভিযোগ ছিল।
সম্প্রতি এক নারী ভুক্তভোগীর সঙ্গে তার অশোভন কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দা, সাংবাদিক ও বিভিন্ন মহলে ক্ষোভ দেখা দেয়।
স্থানীয়দের অভিযোগ, পাথরঘাটায় যোগদানের পর থেকেই তিনি সাধারণ মানুষের সঙ্গে অসহযোগিতামূলক আচরণ করে আসছিলেন। এছাড়া আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও মামলা গ্রহণে অনীহা এবং বিভিন্ন বিতর্কিত মন্তব্য নিয়েও সমালোচনা হয়।
প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) মোহাম্মদ শাহেদ চৌধুরী জানান, অফিস আদেশ অনুযায়ী তাকে পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
যদিও আদেশে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি, তবে স্থানীয়দের ধারণা—ধারাবাহিক অভিযোগ, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিতর্কিত অডিও-ভিডিওর কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন