পাগলা মসজিদের ১৩ দানবাক্সে ৪৩ বস্তা টাকা, মিলল স্বর্ণ ও বৈদেশিক মুদ্রাও

 

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স থেকে পাওয়া টাকা গণনা করছেন মাদ্রাসার শিক্ষার্থী ও ব্যাংক কর্মকর্তারা। ছবি: MyBha24

কিশোরগঞ্জ প্রতিনিধি | MyBha24 RayNex News

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স আবারও খোলা হয়েছে। টানা ৬ মাস পর শনিবার (২৭ জুন) সকালে মসজিদের ১৩টি লোহার সিন্দুক খুলে পাওয়া গেছে ৪৩ বস্তা টাকা। নগদ অর্থের পাশাপাশি বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকারও উদ্ধার হয়েছে।

জেলা প্রশাসক সোহানা নাসরিন এবং অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিবের উপস্থিতিতে সকাল ৭টা থেকে দানবাক্স খোলার কার্যক্রম শুরু হয়। এরপর উদ্ধার করা অর্থ গণনার কাজ শুরু হয়।

টাকা গণনার কাজে অংশ নেন পাগলা মসজিদ নূরানী কুরআন হাফিজিয়া মাদ্রাসার ১০০ জন শিক্ষার্থী, আল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার ২০০ জন শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের ৬০ জন কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় ৫০০ জন। গণনা শেষে মোট টাকার পরিমাণ আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এর আগে গত বছরের ২৭ ডিসেম্বর দানবাক্স খোলা হলে রেকর্ড প্রায় পৌনে ১২ কোটি টাকা পাওয়া গিয়েছিল।

জনশ্রুতি রয়েছে, নরসুন্দা নদীর মাঝখানে জেগে ওঠা চরে এক আধ্যাত্মিক সাধকের আস্তানাকে কেন্দ্র করেই এই মসজিদের প্রতিষ্ঠা। পরে এটি ‘পাগলা মসজিদ’ নামে পরিচিতি লাভ করে।

মানুষের বিশ্বাস, এখানে মানত করলে মনের আশা পূরণ হয়। সেই বিশ্বাস থেকেই দেশ-বিদেশের অসংখ্য মানুষ নিয়মিত এই মসজিদে দান করেন। দানের অর্থ রূপালী ব্যাংকে সংরক্ষণ করা হয় এবং এর লভ্যাংশ দিয়ে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও বিভিন্ন সামাজিক-সেবামূলক প্রতিষ্ঠানের ব্যয় নির্বাহ করা হয়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ পাবে জুলাই অভ্যুত্থানে শহীদদের সন্তান ও আহত শিক্ষার্থীরা।

বাংলাদেশে সংকট, সিদ্ধান্ত ও বিতর্ক—জনমনে বাড়ছে প্রশ্ন।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: সৌদি আরব ও আমিরাতের অর্থনীতি চাপে, ইরান ইস্যুতে নতুন শঙ্কা।