৩ বগি লাইনচ্যুত, ৭ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল
![]() |
| ময়মনসিংহের গৌরীপুরে রেলওয়ে স্টেশন এলাকায় চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। ছবি: MyBha24 |
ময়মনসিংহ ব্যুরো | MyBha24 RayNex News
ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে জংশন স্টেশন এলাকায় আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ৭ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল।
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল পর্যন্ত ওই রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল এবং উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।
রেলওয়ে সূত্রে জানা যায়, জামালপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনটি রাত সোয়া ১০টার দিকে গৌরীপুর রেলওয়ে জংশন স্টেশনে পৌঁছায়। পরে ইঞ্জিনের দিক পরিবর্তন শেষে রাত পৌনে ১১টার দিকে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করলে স্টেশন এলাকাতেই তিনটি বগি লাইনচ্যুত হয়।
ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়েছে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন জানান, কেওয়াটখালি লোকোসেড থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। উদ্ধার কাজ সম্পন্ন হলেই রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন