অনলাইন জুয়া ও বেটিং নিয়ন্ত্রণে নতুন আইনের খসড়া অনুমোদন
![]() |
| প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত |
জাতীয় ডেস্ক | MyBha24 RayNex News
অনলাইন জুয়া ও বেটিং নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’-এর খসড়াকে নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে পাবলিক পরীক্ষার অনিয়ম দমন, বগুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশোধনীসহ একাধিক গুরুত্বপূর্ণ আইনের খসড়াও অনুমোদন পেয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার দশম বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
নতুন জুয়া প্রতিরোধ আইনে অনলাইন ও অফলাইন জুয়ার বিস্তার রোধে আধুনিক বিধান যুক্ত করা হয়েছে। এতে ডিজিটাল গ্যাম্বলিং প্ল্যাটফর্ম, ডিজিটাল ওয়ালেট, বেটিং, বুকমেকার, ম্যাচ ফিক্সিং ও স্পট ফিক্সিংয়ের মতো বিষয়গুলোকে আইনের আওতায় আনা হয়েছে। অপরাধের ধরন অনুযায়ী কারাদণ্ড, অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।
এছাড়া পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁস, নকল, জাল সনদ এবং ডিজিটাল কারসাজি ঠেকাতে ‘দ্য পাবলিক এক্সামিনেশনস (অফেন্সেস) (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০২৬’-এর খসড়াও চূড়ান্ত অনুমোদন পেয়েছে। পরীক্ষার ফলাফল বা মেধাতালিকায় হ্যাকিংকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
অন্যদিকে, বগুড়া বিশ্ববিদ্যালয় আইন, ২০২৬ অনুযায়ী একটি পূর্ণাঙ্গ সাধারণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে বিজ্ঞান, প্রকৌশল, কৃষি, ব্যবসা প্রশাসন, আইন, কলা ও সামাজিক বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ থাকবে।
এ ছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সংশোধন করে মাদক অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠন, সাইবার স্পেসে মাদক অপরাধ দমন, সীমান্ত এলাকায় সমন্বিত অভিযান এবং ডগ স্কোয়াড গঠনের মতো নতুন উদ্যোগ অন্তর্ভুক্ত করা হয়েছে।
সরকার জানিয়েছে, আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে এসব খসড়া আইন কার্যকরের জন্য পরবর্তী ধাপে পাঠানো হবে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন