ভোলায় বালুবোঝাই ট্রলি নিয়ে ভেঙে পড়ল ব্রিজ, চালক নিহত
![]() |
| ভোলায় বালুবোঝাই ট্রলি নিয়ে ব্রিজ ভেঙে পড়ে একজন নিহত হয়েছেন। ছবি: MyBha24 |
ভোলা প্রতিনিধি | MyBha24 RayNex News
ভোলার লালমোহন উপজেলায় বালুবোঝাই একটি ট্রলি পার হওয়ার সময় একটি ব্রিজ ধসে পড়ে ট্রলিসহ নিচে পড়ে যায়। এতে ট্রলির চালক নাঈম (২৫) নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন আল আমিন (১৪) নামে এক হেলপার।
মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাঈম স্থানীয় চতলা এলাকার ফরিদ মিয়ার ছেলে। আহত আল আমিনও একই এলাকার বাসিন্দা এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বালুবোঝাই ট্রলিটি চতলা বাজারসংলগ্ন খালের ওপর নির্মিত ব্রিজটি পার হওয়ার সময় হঠাৎ ব্রিজের পূর্ব পাশ ধসে পড়ে। এতে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়।
পরে স্থানীয়রা দ্রুত আহত চালক ও হেলপারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আল আমিনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন