শহিদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী, পরিবারকে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র

 

শহিদ মোহাম্মদ ওয়াসিমের কবর জিয়ারতকালে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যরা। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক | MyBha24 RayNex News প্রকাশিত: ১৩ জুন ২০২৬

কক্সবাজার সফরের ফাঁকে জুলাই আন্দোলনের শহিদ মোহাম্মদ ওয়াসিমের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি শহিদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান এবং পরিবারের খোঁজখবর নেন।

শনিবার (১৩ জুন) দুপুরে কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ মেহেরনামা গ্রামের মোরারপাড়া কবরস্থানে যান প্রধানমন্ত্রী। সেখানে শহিদ মোহাম্মদ ওয়াসিমের কবর জিয়ারত শেষে তার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

পরে শহিদ ওয়াসিমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি শহিদের মা জোসনা বেগমের হাতে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র তুলে দেন।

সফরকালে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, স্থানীয় সরকার ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলমসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরা।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় চট্টগ্রামের মুরাদপুর এলাকায় নিহত হন মোহাম্মদ ওয়াসিম। তিনি চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

শহিদ পরিবারের প্রতি রাষ্ট্রের সম্মান ও সহমর্মিতার অংশ হিসেবে প্রধানমন্ত্রীর এই সফরকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয়রা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ পাবে জুলাই অভ্যুত্থানে শহীদদের সন্তান ও আহত শিক্ষার্থীরা।

বাংলাদেশে সংকট, সিদ্ধান্ত ও বিতর্ক—জনমনে বাড়ছে প্রশ্ন।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: সৌদি আরব ও আমিরাতের অর্থনীতি চাপে, ইরান ইস্যুতে নতুন শঙ্কা।