রাজধানীতে ভাড়া নিয়ে তর্ক, বাড়ির মালিকের হাতে প্রাণ গেল ব্যবসায়ীর

 

ছবি: সংগৃহীত

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬ | সময়: ১২:৩১ PM

আপডেট: ১২:৫৯ PM

নিজস্ব প্রতিবেদক | MyBha24 RayNex News

রাজধানীর আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারে বাসা ভাড়ার টাকা নিয়ে বিরোধের জেরে স্বপন (৬২) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ভোর ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত স্বপনের স্ত্রী ও সন্তান নেই। তিনি বড় ভাই রাজা মোহাম্মদ সেলিমের সঙ্গে আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারের ৪ নম্বর ভবনের একটি বাসায় ভাড়া থাকতেন। স্বপন কসমেটিকস ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

স্বপনের বড় ভাই জানান, বাসা ভাড়ার এক হাজার টাকা বকেয়া ছিল। এ নিয়ে বাড়ির বরাদ্দপ্রাপ্ত ব্যক্তির ছেলে রিজভীর সঙ্গে ফোনে কথা কাটাকাটি হয়। পরে ভোরে রিজভী ও তার চাচাতো ভাই রোহান বাসায় এসে ভাড়া নিয়ে তর্কে জড়িয়ে পড়েন।

অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে তারা দুই ভাইকে মারধর করেন। স্বপনের বুকে একাধিক কিল-ঘুষি মারার পাশাপাশি ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে মাথায় গুরুতর আঘাত পান এবং অচেতন হয়ে যান। পরে অভিযুক্তরাই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) কিরণ মিয়া জানান, প্রাথমিক তদন্তে বাসা ভাড়া নিয়ে বিরোধ থেকেই এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশ ইতোমধ্যে অভিযুক্ত দুইজনকে আটক করেছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ পাবে জুলাই অভ্যুত্থানে শহীদদের সন্তান ও আহত শিক্ষার্থীরা।

বাংলাদেশে সংকট, সিদ্ধান্ত ও বিতর্ক—জনমনে বাড়ছে প্রশ্ন।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: সৌদি আরব ও আমিরাতের অর্থনীতি চাপে, ইরান ইস্যুতে নতুন শঙ্কা।