দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

সংগৃহীত ছবি

প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬

বিভাগ: জাতীয়

নিজস্ব প্রতিবেদক | MyBha24 RayNex News

দেশকে আরও সবুজ ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি দেশের শিশুদের প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর এবং সেই গাছ সম্পর্কে জানার আহ্বান জানিয়েছেন।

বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানের আগে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী একটি নিমগাছের চারা রোপণ করেন। এ কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে প্রায় ২ লাখ গাছের চারা রোপণ করা হচ্ছে।

উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে। গাছটি স্কুলে, বাড়ির আঙিনায় কিংবা আশপাশের যেকোনো উপযুক্ত স্থানে লাগানো যেতে পারে।

তিনি আরও বলেন, শুধু গাছ লাগালেই হবে না, সেই গাছের উপকারিতা সম্পর্কেও জানতে হবে। গাছ কতটুকু অক্সিজেন উৎপাদন করে, পরিবেশ ও মানুষের জীবনে কী ভূমিকা রাখে—এসব বিষয়ে ইন্টারনেট ও বিভিন্ন উৎস থেকে জানার জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, স্কুলে লাগানো গাছ বড় হলে তা শিক্ষার্থীদের ছায়া দেবে এবং পরিবেশকে শীতল রাখবে। একইভাবে বাড়ির আশপাশে গাছ লাগালে পরিবারও উপকৃত হবে এবং প্রাকৃতিক পরিবেশ আরও সুন্দর হবে।

তিনি দিনটিকে একটি স্মরণীয় দিন হিসেবে উল্লেখ করে বলেন, আজ সারা দেশে একযোগে বিপুল সংখ্যক গাছ রোপণের মাধ্যমে পরিবেশ রক্ষায় একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনের পর প্রধানমন্ত্রী প্রাণ-প্রকৃতি বিষয়ক শিশু শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা ও প্রাথমিক শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ পাবে জুলাই অভ্যুত্থানে শহীদদের সন্তান ও আহত শিক্ষার্থীরা।

বাংলাদেশে সংকট, সিদ্ধান্ত ও বিতর্ক—জনমনে বাড়ছে প্রশ্ন।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: সৌদি আরব ও আমিরাতের অর্থনীতি চাপে, ইরান ইস্যুতে নতুন শঙ্কা।