সিলেটে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ পালিত

সিলেটের রিকাবীবাজারে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান। ছবি: MyBha24

প্রকাশিত: ১৬ জুলাই ২০২৬

বিভাগ: জাতীয়

সিলেট ব্যুরো | MyBha24 RayNex News

সিলেটে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ‘জুলাই শহিদ দিবস-২০২৬’। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে আহত জুলাই যোদ্ধাদের সুচিকিৎসা, পুনর্বাসন এবং শহিদ পরিবারের সার্বিক কল্যাণে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী এবং সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন।

প্রধান অতিথির বক্তব্যে আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, দীর্ঘ ১৭ বছরের অন্যায়, নিপীড়ন ও দমন-পীড়নের বিরুদ্ধে গণমানুষের আন্দোলনের চূড়ান্ত সফলতা আসে ২০২৪ সালের জুলাই-আগস্টে। তিনি বলেন, এই আন্দোলনে দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছিলেন।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে আহতদের সুচিকিৎসা, পুনর্বাসন এবং শহিদ পরিবারের সার্বিক কল্যাণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি নতুন প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের ইতিহাস ও আত্মত্যাগের চেতনা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান বক্তা রেজাউল হাসান কয়েস লোদী বলেন, জুলাই আন্দোলন জাতিকে ঐক্যের শিক্ষা দিয়েছে। ভবিষ্যতে যেন ক্ষমতার অপব্যবহার ও স্বৈরতান্ত্রিক শাসনের পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার প্রয়োজন রয়েছে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন জানান, প্রকৃত কোনো আহত জুলাই যোদ্ধা তালিকার বাইরে থাকলে যাচাই-বাছাই শেষে তাদের অন্তর্ভুক্ত করা হবে। তিনি শহিদ পরিবার ও আহতদের সহযোগিতায় সমাজের বিত্তবান ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দের এগিয়ে আসার আহ্বান জানান।

আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, শহিদ পরিবারের সদস্য, আহত জুলাই যোদ্ধা এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

এর আগে সিলেট নগরীর রিকাবীবাজারস্থ জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ, জুলাই যোদ্ধা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ পাবে জুলাই অভ্যুত্থানে শহীদদের সন্তান ও আহত শিক্ষার্থীরা।

বাংলাদেশে সংকট, সিদ্ধান্ত ও বিতর্ক—জনমনে বাড়ছে প্রশ্ন।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: সৌদি আরব ও আমিরাতের অর্থনীতি চাপে, ইরান ইস্যুতে নতুন শঙ্কা।