মায়ামিতে বাংলাদেশ কনস্যুলেটে জুলাই শহিদ দিবস পালন

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ১৭ জুলাই ২০২৬

বিভাগ: আন্তর্জাতিক

সাগর খাঁন, বিশেষ প্রতিনিধি | MyBha24 RayNex News

যুক্তরাষ্ট্রের মায়ামিতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে জুলাই শহিদ দিবস-২০২৬ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা, বিশেষ দোয়া ও মোনাজাত, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ এবং জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান নিয়ে আলোকচিত্র ও গ্রাফিতি প্রদর্শনীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি ফ্লোরিডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি, ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ফ্লোরিডা আটলান্টিক ইউনিভার্সিটি-এর শিক্ষক-শিক্ষার্থী এবং বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশনের সদস্যরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে জুলাই-আগস্টের গণআন্দোলনের সব শহিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে শহিদদের আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। একই সঙ্গে কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে ঘোষিত রাষ্ট্রীয় শোক উপলক্ষে তাঁর রুহের মাগফেরাত কামনাও করা হয়।

এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয় এবং জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের স্মৃতিচিত্র নিয়ে আলোকচিত্র ও গ্রাফিতি প্রদর্শনী দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়।

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিরা জুলাই শহিদ দিবসের গুরুত্ব এবং গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন।

কনসাল জেনারেল সেহেলী সাবরীন তাঁর বক্তব্যে জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণআন্দোলনের সব শহিদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং শহিদ ও আহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেন।

তিনি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান বৈষম্যমুক্ত, মানবিক ও সাম্যের বাংলাদেশ গঠনের নতুন সম্ভাবনা তৈরি করেছে। তিনি জুলাইয়ের চেতনা ধারণ করে নিরাপদ, মানবিক, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ পাবে জুলাই অভ্যুত্থানে শহীদদের সন্তান ও আহত শিক্ষার্থীরা।

বাংলাদেশে সংকট, সিদ্ধান্ত ও বিতর্ক—জনমনে বাড়ছে প্রশ্ন।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: সৌদি আরব ও আমিরাতের অর্থনীতি চাপে, ইরান ইস্যুতে নতুন শঙ্কা।