তারাকান্দায় নিখোঁজের ২ দিন পর শিশুর মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক | MyBha24 RayNex News
প্রকাশের তারিখ: ১১ জুলাই ২০২৬
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় নিখোঁজ হওয়ার দুই দিন পর আড়াই বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে শিশুটির বাড়ির পাশের একটি জমির আলের ঝোপ থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
![]() |
| মৃত শিশু মো. আব্দুল্লাহ। ছবি সংগৃহীত |
নিহত শিশু মো. আব্দুল্লাহ (২ বছর ৬ মাস) উপজেলার কামারিয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা এনামুল হক ও হাফিজা আক্তারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ জুলাই সকালে শিশুটি বাড়ি থেকে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল আশপাশের জলাশয়েও তল্লাশি চালিয়েছিল, তবে তখন শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি।
শনিবার সকালে স্থানীয়রা বাড়ির দক্ষিণ পাশে একটি জমির আলের ঝোপে শিশুটির মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং তদন্ত শুরু করে।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাশিদ জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন