আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬

বিভাগ: জাতীয়

নিজস্ব প্রতিবেদন | MyBha24 RayNex News

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে প্রচলিত আইন অনুযায়ী আদালতের রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, শেখ হাসিনার আইনি অধিকার ও আপিলের বিষয়টি আদালত ও আইন অনুযায়ী নির্ধারিত হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ফাইল


বুধবার (১৫ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত ‘গণ-অভ্যুত্থানের বাঁক বদলের দিন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুযায়ী রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা সম্ভব। তবে কোনো রাজনৈতিক দলের রাজনীতি নিষিদ্ধ করাকে তিনি সমর্থন করেন না।

তার ভাষায়, ‘মাফিয়া সংগঠন হিসেবেই তাদের রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হোক। আমরা কোনো রাজনৈতিক দলের রাজনীতি করাকে নিষিদ্ধ করা সঠিক মনে করি না।’

শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের সীমানায় প্রবেশ করলে তাকে গ্রেপ্তার করে প্রচলিত আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে।

২০২৪ সালের জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই আন্দোলনের কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা দলের নয়; বরং দেশের সর্বস্তরের জনগণের সম্মিলিত অংশগ্রহণের ফল এটি।

তিনি আরও বলেন, জুলাইয়ের শক্তিকে ব্যবহার করে কেউ যেন ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থ হাসিল করতে না পারে। একই সঙ্গে তিনি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করা এবং ফ্যাসিবাদবিরোধী সমাজ গঠনের আহ্বান জানান।

অনুষ্ঠানে তিনি আরও উল্লেখ করেন, ভবিষ্যতে সংবিধান ও প্রয়োজনীয় আইন সংস্কারের কাজ ‘জুলাই জাতীয় সনদ’ অনুসারে এগিয়ে নেওয়া হবে। পাশাপাশি বিএনপির ৩১ দফা সংস্কার প্রস্তাবের কথাও তুলে ধরে তিনি বলেন, দলটি দীর্ঘদিন ধরেই রাষ্ট্র সংস্কারের পক্ষে অবস্থান নিয়ে আসছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ পাবে জুলাই অভ্যুত্থানে শহীদদের সন্তান ও আহত শিক্ষার্থীরা।

বাংলাদেশে সংকট, সিদ্ধান্ত ও বিতর্ক—জনমনে বাড়ছে প্রশ্ন।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: সৌদি আরব ও আমিরাতের অর্থনীতি চাপে, ইরান ইস্যুতে নতুন শঙ্কা।