সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই
![]() |
| ছবি: সংগৃহীত |
নিজস্ব প্রতিবেদক | MyBha24 RayNex News
প্রকাশের তারিখ: ১২ জুলাই ২০২৬
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর।
রোববার (১২ জুলাই) ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিএনপি নেতা ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় তিনি বেশ কিছুদিন ধরে চিকিৎসাধীন ছিলেন।
ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড় জেলার তেতুঁলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা শেষে তিনি লন্ডনের লিংকনস ইন থেকে ব্যারিস্টারি সম্পন্ন করেন এবং ১৯৬০ সালে আইন পেশায় যোগ দেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি জাতীয় সংসদের স্পিকার, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং দলের স্থায়ী কমিটির সদস্য ছিলেন।
তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিরা গভীর শোক প্রকাশ করেছেন। জানাজা ও দাফনের সময়সূচি পরে পরিবারের পক্ষ থেকে জানানো হবে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন