গ্রিসের উপকূলে ২ শতাধিক অভিবাসী উদ্ধার, বেশিরভাগই বাংলাদেশি

ফাইল ছবি

প্রকাশিত: ০৮ আগস্ট ২০২৬

প্রতিবেদন: MyBha24 RayNex

গ্রিসের উপকূলে কয়েক ঘণ্টার ব্যবধানে ২০০ জনের বেশি অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির কোস্ট গার্ড। উদ্ধার হওয়া অভিবাসীদের বেশিরভাগই বাংলাদেশ ও সুদানের নাগরিক বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

গ্রিক সংবাদমাধ্যম ডিমোক্রেটিয়ার বরাতে মিডল ইস্ট মনিটর জানিয়েছে, লিবিয়া উপকূল থেকে ছেড়ে আসা একাধিক নৌকায় করে ৪৮ ঘণ্টার কম সময়ে অন্তত ২০২ জন অভিবাসী ক্রিট দ্বীপে পৌঁছান। এতে দ্বীপের অস্থায়ী অভিবাসী অভ্যর্থনা কেন্দ্রগুলোর ওপর বাড়তি চাপ সৃষ্টি হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের একটি বিমান ক্রিটের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আইয়েরাপেত্রা এলাকায় ৪০ জন অভিবাসী বহনকারী একটি নৌকার সন্ধান পায়।

খবর পেয়ে গ্রিক কোস্ট গার্ড ও একটি মাছ ধরার ট্রলার যৌথভাবে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে আইয়েরাপেত্রা বন্দরে নিয়ে যায়। সেখানে তাদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে।

এর কয়েক ঘণ্টা আগে দুটি পৃথক নৌকা থেকে আরও ১১২ জন অভিবাসীকে উদ্ধার করে গ্রিক কর্তৃপক্ষ।

প্রথম নৌকায় থাকা ৫৬ জনের মধ্যে ৩১ জন সুদানের এবং ২৫ জন বাংলাদেশের নাগরিক ছিলেন। দ্বিতীয় নৌকায় থাকা ৫৬ জনের মধ্যে ৪৭ জন বাংলাদেশি এবং ৯ জন মিসরের নাগরিক ছিলেন।

উদ্ধার হওয়া অভিবাসীদের হেরাক্লিয়ন বন্দরের একটি অস্থায়ী আবাসনকেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। ক্রিট দ্বীপে অভিবাসীদের আগমন অব্যাহত থাকায় তাদের সাময়িক আশ্রয়ের জন্য এসব কেন্দ্র ব্যবহার করা হচ্ছে।

ইউরোপে প্রবেশের উদ্দেশ্যে লিবিয়া উপকূল থেকে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার এই প্রবণতা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে। ঝুঁকিপূর্ণ নৌযানে সমুদ্রযাত্রার কারণে অভিবাসীদের জীবনহানির আশঙ্কাও থাকে।

সূত্র: ডিমোক্রেটিয়া ও মিডল ইস্ট মনিটর

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ পাবে জুলাই অভ্যুত্থানে শহীদদের সন্তান ও আহত শিক্ষার্থীরা।

বাংলাদেশে সংকট, সিদ্ধান্ত ও বিতর্ক—জনমনে বাড়ছে প্রশ্ন।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: সৌদি আরব ও আমিরাতের অর্থনীতি চাপে, ইরান ইস্যুতে নতুন শঙ্কা।