প্রবীণদের জন্য রেল ভাড়া মওকুফ ও মেট্রোরেলে ছাড় দেওয়ার উদ্যোগ সরকারের
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ফাইল ছবি জাতীয় ডেস্ক | MyBha24 RayNex News দেশের প্রবীণ নাগরিকদের কল্যাণে প্রথমবারের মতো রেল ভাড়া মওকুফ এবং মেট্রোরেলে বিশেষ ছাড় দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। সোমবার (২২ জুন) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে ‘আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক পরামর্শ সভায় তিনি এ তথ্য জানান। রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার আয়োজিত এ সভায় প্রবীণদের নিরাপত্তা, অধিকার ও কল্যাণ নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা প্রবীণ নির্যাতন প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য নানা সুপারিশ তুলে ধরেন। আইনমন্ত্রী বলেন, প্রবীণদের কল্যাণে এবারের বাজেটে নতুন কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি প্রবীণ নির্যাতন প্রতিরোধে যুগোপযোগী নীতিমালা ও নতুন আইন প্রণয়নের বিষয়েও সরকার কাজ করছে। তিনি আরও জানান, সভায় উত্থাপিত পরামর্শগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং প্রবীণদের জন্য আরও সহায়ক ও নিরাপদ পরিবেশ তৈরিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।